একতরফা ভোটের মতো করোনার ভ্যাকসিন নিয়েও সরকার ‘দলীয়করণের’ চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
রিজভী বলেন, ‘শুধুমাত্র সরকারি দলের নেতাদের তালিকা করে করোনা ভ্যাকসিন দেয়ার খবর শোনা যাচ্ছে। ভিন্ন মতের বা বিরোধী দলের লোকেরা করোনা ভ্যাকসিন পাবে কি-না, যথেষ্ট সন্দেহ রয়েছে। ভোট কেন্দ্রে যেমন বিরোধী দলের নেতাকর্মীরা যেতে পারে না, তেমনই করোনা ভ্যাকসিনও বিরোধী দলের নেতাকর্মীরা পাবে না।’
ভারত থেকে আনা করোনা ভ্যাকসিনের কার্যকারিতা নিয়েও সংশয় প্রকাশ করে বিএনপির এ শীর্ষ নেতা বলেন, ‘ভারতে করোনা ভ্যাকসিন নিয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। সেই ভ্যাকসিন বাংলাদেশে আনা হচ্ছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, ডা. এজেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, উত্তরের সিনিয়র সহ-সভাপতি মুনসী বজলুল বাসিত আনজু, সাধারণ সম্পাদক আব্দুল আলীম নকি, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলীম, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু প্রমুখ।
