লেগুনা-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১০:০৮ পিএম

ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠী এলাকায় লেগুনা ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে সোহেল খলিফা (২৮) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে দক্ষিণ বাউকাঠী কাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ সময় ইজি বাইকে থাকা দুই যাত্রী আহত হয়েছে।

এ সময় গুরুতর আহত যাত্রী রিপন খানকে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। নিহত ইজি বাইক চালক সোহেল খলিফা একই এলাকার জালাল খলিফার ছেলে।

পুলিশ জানায়, সকালে ঝালকাঠি সদর থেকে নবগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি লেগুনা দক্ষিণ বাউকাঠী কাজী বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা ইজি বাইকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইজি বাইক চালকের ঘটনাস্থলেই  মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়, ঘটনাস্থলে রাস্তায় একটি বাঁক থাকায় লেগুনা চালক ও ইজিবাইক চালক কেউ কাউকে দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

ঝালকাঠি থানার এস আই ও এই ঘটনার তদন্ত কর্মকর্তা অচিন্ত্য কুমার পাল বলেন, ঘটনার পর থেকে আমি এখন পর্যন্ত ঘটনাস্থলে লাশের কাছেই রয়েছি। মৃতের অভিভাবকেরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন জানিয়েছে। জেলা প্রশাসক মহোদয় অনুমতি দিলে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অন্যথায় ঝালকাঠি মর্গে প্রেরণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত