নারীর গোসল ভিডিও করার অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১০:৩৬ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে গোপন ক্যামেরায় নারীর গোসলের ভিডিও ধারণ ও দম্পতির অন্তরঙ্গ ভিডিও ধারণের চেষ্টার অভিযোগে উপজেলার ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমেল সিকদারকে (২৩) আটক করেছে পুলিশ।

তিনি ইউনিয়নের থলপাড়া গ্রামের বাসিন্দা। বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের ইউনিয়ন পাড়া এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, প্রায় আট মাস আগে হিমেল সিকদার প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করেন। তবে পরিবারের সদস্যরা তাদের বিয়ে না মানায় সে মির্জাপুর ইউনিয়ন পাড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকছিলেন। হিমেল কয়েক দিন ধরে গোপন ক্যামেরার মাধ্যমে এক তরুণীর গোসলের ভিডিও ধারণ করেন। তিনি মঙ্গলবার রাতে এক দম্পতির অন্তরঙ্গ মুহূর্ত ধারণ করতে ঘরে গোপন ক্যামেরা স্থাপনের চেষ্টা করেন। যা দম্পতি দেখে ফেলেন। পরে সংশ্লিষ্টরা তাকে আটক করলে প্রথমে হিমেল গোপন ক্যামেরার কথা অস্বীকার করলেও তাদের চাপে ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ছাড়া বুধবার দুপুরে তার ফোনে নারীর গোসলের পাঁচটি ভিডিও দেখতে পান তারা। খবর পেয়ে রাত সাড়ে ৭টার দিকে পুলিশ তাকে আটক করে।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন খান জানান, কারো ব্যক্তিগত অপরাধের দায় ছাত্রলীগ নেবে না। হিমেলকে ছাত্রলীগ থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ করা হবে।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. খায়রুল লস্কর জানান, হিমেল ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তার ফোন ও গোপন ক্যামেরা জব্দ করা হয়েছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত