বঙ্গবন্ধু সাফারি পার্কে ২ ভালুক শাবকের জন্ম

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১০:৫৯ পিএম

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে তৃতীয়বারের মতো দুটি শাবকের জন্ম দিয়েছে ভালুক। ৫ জানুয়ারি শাবক দুটির জন্ম হলেও পার্ক কর্তৃপক্ষ বুধবার দুপুরে সংবাদটি গণমাধ্যমকে জানান।

সদ্য জন্ম নেয়া দুটি শাবকসহ পার্কে ভালুকের সংখ্যা দাঁড়িয়েছে ১৫।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, ভালুক সাফারি বেষ্টনীতে মাদি ভালুক অন্তঃসত্ত্বা হওয়ার পর তাকে বিশেষ বেষ্টনীতে নিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। বিশেষ বেষ্টনিতে গত ৫ জানুয়ারি ওই মাদি ভালুক দুটি শাবকের জন্ম দেয়। ওই বেষ্টনীতে রেখে মা ভালুককে বিশেষ খাবার দেওয়া হচ্ছে। ভালুকেরা সাধারণত একসঙ্গে এক থেকে তিনটি বাচ্চার জন্ম দেয়।

তিনি আরো জানান, বিলুপ্তির ঝুঁকিতে থাকা এই প্রাণী সংরক্ষণে ভূমিকা রাখছে সাফারি পার্ক।

আবদ্ধ পরিবেশে ভালুকের পালে তৃতীয়বারের মতো বাচ্চার জন্ম হওয়ায় তিনি নতুন সম্ভাবনা দেখছেন।

তিনি জানান, গর্ভধারণের আট মাস পর বাচ্চা প্রসব করে ভালুক। এ প্রাণী ২০ থেকে ২৫ বছর পর্যন্ত বাঁচে। তবে আবদ্ধ পরিবেশে এরা ৩০ থেকে ৩৫ বছর বেঁচে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত