প্রথমবার বই লিখলেন তাহসান

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ০২:৫৭ পিএম

জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খান এবার লেখক হিসেবেও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। প্রথমবারের মতো লিখলেন বই। নাম ‘অনুভূতির অভিধান’। আসছে বইমেলায় এটি অধ্যায়ন প্রকাশনী থেকে বের হবে।

প্রথমবার বই লেখা নিয়ে তাহসান বলেন, ‘অন্যরকম একটা অনুভূতি অবশ্যই। নিজের লেখা প্রথম বই। আবেগটা দারুণ। ২০-২৫টি গল্প নিয়ে বইটি তৈরি করা। আশা করছি পাঠক পড়ে আরাম পাবেন।’

তিনি আরও বলেন,‘মানুষের জীবনে বেড়ে ওঠার সময়ে অনেক কিছুই শেখা হয়। আমার মনে হয় আমাদের সমাজের প্রেক্ষাপটে একটা জিনিসই কম শিখছি, সেটা হচ্ছে অনুভূতি কীভাবে ধারণ করতে হয়; সেটাকে কীভাবে প্রক্ষেপণ করতে হয়, অনুভূতির চরাই উৎরাই কীভাবে পার করতে হয় সেটা। এটা আমরা শিখি না। কারণ স্কুল-কলেজে এটা শেখানো হয় না, পরিবারেও খুব একটা হয় না। যার কারণে টিনেজ বয়সে কিংবা তার পরবর্তী বয়সে বিভিন্ন সময়ে ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন চলে আসে। আমার বইটা হচ্ছে একটা ‘কনভার্সেশন স্টার্টার’; যেন কথার শুরু হয়। আমি বলবো না যে এভাবেই শুরু করতে হবে! আমি আমার গল্পের মাধ্যমে বলতে চাই যে, এভাবে শুরুটা হতে পারে।’

তাহসান বর্তমানে ভালোবাসা দিবসের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শিগগিরই তাকে দেখা যেতে পারে সিনেমায়ও। সম্প্রতি জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) শুভেচ্ছা দূত নির্বাচিত হয়েছেন তাহসান খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত