পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান বলেছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার জন্য সুদিন আসছে। এক বছরের মধ্যে পদ্মা ও পায়রা সেতুর কাজ শেষ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য নতুন দিগন্ত উন্মোচন হবে। পাল্টে যাবে এই এলাকার চিত্র। দ্রুত উন্নয়ন হবে এই অঞ্চল। দেশের সার্বিক প্রবৃদ্ধি ১ থেকে ২ ভাগ বেড়ে যাবে।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জনশুমারি ও গৃহগননা-২০২১ উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন তিনি।
বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় পরিকল্পনা মন্ত্রী বলেন, দিন দিন দেশ এগিয়ে যাচ্ছে। ভাঙ্গা থেকে পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত রেল প্রকল্প অনুমোদন হয়ে আছে। পায়রা বন্দরের প্রয়োজনেই রেল লাইন হতে হবে। মহাসড়কগুলো ফোর লেনে উন্নীত করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, ২০০৯ সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৯ বিলিয়ন ডলার। বর্তমানে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৪২ বিলিয়ন ডলারে। মাথা পিছু আয় ছিল ৬০০ ডলার। এখন মাথা পিছু আয় ২ হাজার ডলার। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে দেশ এগিয়ে যাচ্ছে। স্বাধীনতার ৫০ বছরে ২০ বছর ছিল সামরিক ও স্বৈরশাসন। ৩০ বছরের মধ্যে গত ১২ বছরে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। অনুষ্ঠানে জনশুমারি ও গৃহগননা-২০২১ সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন পরিকল্পনা মন্ত্রী। বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প গুরুত্ব সহকারে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী এবং জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
