শেষ ম্যাচের একাদশে পরিবর্তনের ইঙ্গিত

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১০:৪২ পিএম

এক ম্যাচ হাতে থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। শুক্রবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি ৭ উইকেটে জিতে নেয় টাইগাররা। তাতে ২-০ তে নিশ্চিত হয় সিরিজ। তৃতীয় ম্যাচটা তাই অনেকটাই নির্ভার থেকে খেলতে পারবে বাংলাদেশ।

উইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে সোমবার, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। যে ম্যাচের একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

দ্বিতীয় ওয়ানডে জয়ের পর তামিম বলেন, ‘তাসকিন-সাইফউদ্দিনের মত ক্রিকেটাররা এখনো একাদশে সুযোগ পাননি। দলে জায়গা পেতে কঠিন প্রতিযোগিতা চলছে। চট্টগ্রামে ম্যাচের আগে এটি কোনো উদ্বেগজনক বিষয় নয়। সকলেরই খেলার সুযোগ পাওয়া উচিত।’

‘যারা এখনো খেলার সুযোগ পাননি, তারা সকলেই ভালো করার সামর্থ্য রাখে। আমি নিশ্চিত তৃতীয় ওয়ানডেতে আমাদের কিছু পরিবর্তন হবে এবং আশা করি, যারা আসবে ভালো করবে।’

প্রথম ম্যাচে ৪৪ রানের পর দ্বিতীয় ম্যাচে ৫০ রান করেন তামিম। নিজের ব্যাটিং নিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘ক্রিজে কিছুটা সময় কাটাতে পেরে ভালো লাগল। ড্রেসিংরুমে অনেকেই মুখিয়ে আছে, ভালো করতে। সকলেই ভালো করতে চায়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত