রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়ের জন্য ফল কিনতে গিয়ে লাশ হয়েছেন আমেনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা। ফল কিনে বাসায় ফেরার পথে বেপরোয়া গতির বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান, আগেই তার মৃত্যু হয়েছে।
যাত্রাবাড়ীর বাদশা মিয়া রোডে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে আলী আশরাফ জানান, আশুলিয়াতে আমার বোন থাকে। সেখানেই শুক্রবার বেড়াতে যাওয়ার কথা ছিল। এ জন্য বৃহস্পতিবার রাতেই তিনি ফল কিনতে বের হয়েছিলেন। অনেক ঘোরাঘুরি করে ফল কিনলেও তার আর বাসায় ফেরা হয়ে ওঠেনি।
কয়েকটি এলাকায় ঘুরে চিটাগাং রোড থেকে ফল কিনে রাত সাড়ে ১০টার দিকে তিনি বাসায় ফিরছিলেন। তখন রাস্তা পার হওয়ার সময় বাসটি তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন আমেনা। আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালের নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান, আগেই তার মৃত্যু হয়েছে।
স্বজনরা আরও জানান, যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের কাছে তুষারধারা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন আমেনা বেগম। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। বাবা মৃত মো. ওয়াহিদ।
যাত্রাবাড়ী থানা-পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাস ও চালকের পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রথমে নিহতের পরিচয় জানা যায়নি। তার সঙ্গে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে নাম-পরিচয় জানা যায়। খবর পেয়ে স্বজনরা এসে তার লাশ শনাক্ত করেন।
