বিনা দোষে পাঁচ বছর জেল খেটে বের হওয়ার পরও একদণ্ড স্বস্তি নেই এই দম্পতির মনে। হন্য হয়ে খুঁজছেন নিজেদের দুই শিশু সন্তানকে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, এ ঘটনা আগ্রার। কোনো অভিভাবক না থাকায় তাদের সন্তানদের এতিমখানায় পাঠানো হয়।
২০১৫ সালে পাঁচ বছরের এক শিশুর খুনের ঘটনায় আটক হন নরেন্দ্র সিং (৪০) ও নাজমা (৩০)। দুই সন্তান নিয়ে ছিল তাদের পরিবার। পাঁচ বছরের ছেলে ও তিন বছরের মেয়ে। কারাগারে যাওয়ায় নরেন্দ্র ও নাজমা সন্তানদের কোনো খবর জানেন না।
এখন সন্তানদের এতিমখানার খোঁজ করছেন নরেন্দ্র ও নাজমা। কিন্তু কেউ কোনো খবর দিতে পারেনি।
সম্প্রতি আগ্রা সেশন কোর্ট জানায়, বিনা দোষে এ দম্পতির আটক থাকার ঘটনা দুঃখজনক। অথচ মূল অপরাধী মুক্ত জীবন যাপন করছে। এর পরই তারা ছাড়া পান।
ভুক্তভোগী নরেন্দ্র শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বলেন, আমাদের সন্তানদের কী ভুল ছিল? তারা কেন এতিমের মতো বেঁচে আছে। আমাদের আটকের সময় ছেলে অজিত ও মেয়ে অঞ্জু খুবই ছোট ছিল। কারাগারে যাওয়ার পর তাদের সঙ্গে আর দেখা হয়নি।
২০১৫ সালে জেলা আদালতে এ দম্পতি জামিন আবেদন খারিজ হয়। তখন তারা হাইকোর্টে যান। পরে অর্থের অভাব নতুন কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।
