প্রধানমন্ত্রীর উপহারে উচ্ছ্বসিত মহাদেবপুর

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১১:০৯ পিএম

নওগাঁর মহাদেবপুর উপজেলার গৃহহীন ও ভূমিহীন চিন্তরাণীর স্বামীর মৃত্যুর পর থেকেই অন্যর জমিতে ছন দিয়ে একটি ঘর বানিয়ে সেখানে সন্তান নিয়ে বসবাস করতেন। বর্ষার সময় বৃষ্টি হলে ঘরের ভেতরে পানি জমে পুকুরের মতো হয়ে যেতো। স্বপ্ন ছিল একটি বাড়ির। যেখানে সন্তানকে নিয়ে থাকবেন। তার এ স্বপ্ন পূরণে এগিয়ে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘মুজিব বর্ষে কেউ থাকবে না গৃহহীন’ -সরকারের এই প্রত্যয়কে সামনে রেখে নওগাঁর মহাদেবপুর উপজেলার চিন্তরাণীর মতো ৩৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারে জন্য প্রধানমন্ত্রীর উপহার বাড়ি হস্তান্তর করা হয়েছে।

শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী পরিবারের নিকট গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনের পর এসব গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে জমির দলিল ও বাড়ি হস্তান্তর করে মহাদেবপুর উপজেলা প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ছলিম উদ্দীন তরফদার, উপজেলা পরিষদ এর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ও জনপ্রতিনিধি।

উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ফাজিলপুর মৌজার খাস জমিতে ১৬টি, চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব বাজারে ১৩টি এবং এনায়েতপুর ইউনিয়নের সুজাইল বাজারে ৫টি বাড়ি নির্মাণ করা হয়েছে। প্রতিটি বাড়ি নির্মান ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। এতে দুটি বেডরুম, একটি কিচেন ও একটি টয়লেট রয়েছে ।

মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান দেশ রূপান্তরকে জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পর উপজেলার ৩৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে সার্টিফিকেট, দলিলের রশিদ, খতিয়ান, ডিসিআর, ঘরের চাবি তুলে দেওয়া হয়।

বাড়িগুলো নির্মানের আগে মাননীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একাধিকবার উপজেলা টাস্কফোর্স কমিটির সভা করা হয়। সভায় প্রকৃত সুফলভোগী নির্বাচন, সুবিধাজনক খাসজমি উদ্ধার, নির্ধারিত বরাদ্দের মধ্যে সব থেকে ভালো নির্মাণ সামগ্রী দিয়ে ঘর নির্মাণ করার সিদ্ধান্ত  গ্রহণ করা হয়েছিল। যার ফলে আমরা গৃহহীন ও ভূমিহীনদের জন্য মানসম্মত উপহার প্রস্তুত করতে পেরেছি। এসব ৩৪ পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা থাকছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত