চসিক নির্বাচনের দিন থাকবে না সাধারণ ছুটি : ইসি সচিব

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১২:৩৬ এএম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।

তিনি বলেন, চসিক নির্বাচনে ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকায় কোনো সাধারণ ছুটি থাকবে না। যথারীতি গাড়ি চলাচল ও অফিস-আদালত চলবে। শুধু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে যদি কোনো ভোটার থেকে থাকে তাহলে তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে হবে।

শনিবার বিকেলে নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ইসি সচিব।

মো. আলমগীর বলেন, এবার চসিক নির্বাচন পুরোটাই ইভিএমে ভোটগ্রহণ হবে। এটা বাড়তি সুযোগ। কেননা, ইভিএম থাকলে যারা ভোট দেবেন তাদের জন্য যেমন সহজ, তেমনি যারা ভোট নেবেন, তাদের জন্যও সুবিধা।

ইভিএমে ভোট জালিয়াতি ও ভোট বাক্স ছিনতাইয়ের সুযোগ নেই উল্লেখ করে সিনিয়র সচিব আরও বলেন, দুষ্ট লোকরা যাতে কোনো সমস্যা করতে না পারে সে জন্য ভোটগ্রহণ কর্মকর্তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আমরা আবারও আপনাদের (ভোটগ্রহণ কর্মকর্তা) মাধ্যমে আরেকটি সুন্দর সিটি নির্বাচন উপহার দিতে চাই।

চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাসেম মো. ফজলুল কাদের, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান।

এ সময় চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান, অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা বশির আহমদসহ সিটি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আরও প্রিসাইডিং অফিসাররা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত