সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে দুই পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে লেগুনা স্ট্যান্ডে চাঁদা আদায়কালে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- মো. তানভীর আহমেদ ওরফে রুবেল মৃধা (৩১) ও মো. মিজানুর রহমান তালুকদার (২৫)। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ২ হাজার ৪৫০ টাকা ও একটি খাতা জব্দ করা হয়।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, কয়েকজন চালক ও হেলপারের অভিযোগের ভিত্তিতে তাদের হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে রাশেদ, রতন ও জুয়েলের প্রত্যক্ষ মদদে প্রতিটি লেগুনা থেকে দৈনিক ১৫০ থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিলেন। রাশেদ, রতন ও জুয়েলের বিরুদ্ধে চাঁদাবাজিসহ সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মামলা চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
