সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরদরবেশ গ্রামে খেজুর রসের গরম কড়াইতে পড়ে ঝলসে গিয়ে সাত মাস বয়সী আশরাফুল মোহন নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির দাদা আবুল হোসেন ঝলসে গিয়ে গুরুতর আহত হয়েছে।
শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় আহত শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুবরণ করেন। মৃত শিশু মোহন ওই গ্রামের দরিদ্র কৃষক মাসুদের ছেলে।
শিশুটির বাবা মাসুদ ও স্থানীয় ইউপি সদস্য জামশেদ আলম জানায়, শনিবার সকালে সকাল উপজেলার দক্ষিণ চরদরবেশ গ্রামের নামারচর (কোম্পানি বাজার) এলাকার বিভিন্ন গাছিদের কাছ থেকে পাটালি গুড় তৈরির জন্য রস সংগ্রহ করেন আবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধ। রস বাড়িতে আনার পর বড় কড়াইতে ঢেলে গরম করছিলেন আবুল হোসেনের স্ত্রী। এ সময় আবুল হোসেন তার নাতি শিশু মোহনকে কোলে নিয়ে চুলার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎ করে আবুল হোসেন মাথা ঘুরে কোলে থাকা নাতিসহ গরম রসের পাত্রে পড়ে যায়। এতে দাদা-নাতি দুজনেই গরম রসে ঝলসে যান। বাড়ির লোকজন তাদের উদ্ধার করে দুজনকে দ্রুত সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বৃদ্ধ আবুল হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং শিশু মোহনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে শিশুটি মৃত্যুবরণ করে।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদেকুল করিম জানায়, গরম রসে শিশু মোহনের মাথাসহ শরীরের ৩৫ শতাংশ এবং আবুল হোসেনের দুই হাতসহ শরীরের ১০ শতাংশ ঝলসে যায়।
এদিকে সোমবার দুপুরে শিশুটির মৃতদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে মা বাবা পরিবারের লোকজন ও স্বজনদের আহাজারি পরিবেশ ভারী হয়ে উঠে। দুধের শিশুকে হারিয়ে শিশুটির মা বারবার মূর্ছা যায়। বিকেলে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
