রাজধানীর হাইকোর্টের সামনে ছিনতাইকারীর ছুরির আঘাতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। তার নাম হামিদুল ইসলাম (৫৭)। তিনি সেগুনবাগিচা এলাকায় ডিসলাইনের ব্যবসা করতেন। গতকাল রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নিহতের ছোট ভাই মো. ওয়াহিদুল ইসলাম তার পরিচয় শনাক্ত করেন।
পুলিশ জানিয়েছে, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে চার ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর জখম হন হামিদুল। উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলের চারপাশের সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এক ছিনতাইকারীকে শনাক্ত করা গেছে, তাকে যে-কোনো সময় গ্রেপ্তার করা হবে।
হামিদুলের স্বজনরা জানান, ময়মনসিংহ সদর কলেজ রোডে তাদের গ্রামের বাড়ি। বাবার নাম মৃত রফিকুল ইসলাম। চার ভাইয়ের মধ্যে সবার বড় ছিল হামিদুল। মেয়ে নায়না ইসলাম (২৪) ও ছেলে নাহিদুল ইসলামসহ (২১) স্ত্রী নার্গিস আক্তারকে নিয়ে সেগুনবাগিচা হাইস্কুলের পাশে বসতি-ময়ূরী অ্যাপার্টমেন্টে থাকতেন। হামিদুল জাসদের ঢাকা মহানগর দক্ষিণের সমবায়বিষয়ক সম্পাদক ও শাহবাগ থানার সাধারণ সম্পাদক ছিলেন বলেও জানান তারা।
