প্রিয় বান্ধবী নাতাশা দালালকেই বিয়ে করলেন বলিউড তারকা বরুণ ধাওয়ান। গতকাল রোববার (২৪ জানুয়ারি) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আলিবাগের একটি বাংলোতে অনেকটা সীমিত পরিসরেই তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। খুব বেশি নিমন্ত্রিত অতিথির উপস্থিতি অনুষ্ঠানে ছিল না। চলুন পাঠক জেনে আসা যাক বরুণের স্ত্রী নাতাশা দালাল সম্পর্কে।
নাতাশা একজন ফ্যাশন ডিজাইনার। নিউইয়র্কের একটি প্রেস্টিজিয়াস ইনস্টিটিউট থেকে তিনি ডিগ্রি লাভ করেন। ২০১৩ সালে মুম্বাইয়ে ফেরার আগে অনেকটা সময় তিনি বিদেশেই কাটান।
নিজের সম্পর্কে খুব বেশি বলতে পছন্দ করেন না নাতাশা। এমনকি বলিউড তারকা বরুণের সঙ্গে সম্পর্ক নিয়েও তিনি কখনো কিছু বলেননি। ব্যক্তিগত বিষয় নিজের মধ্যেই রাখতে ভালোবাসেন। ২০১৯ সালে বরুণের ইনস্টাগ্রাম পোস্টের আগে নাতাশার সঙ্গে সম্পর্কের বিষয়টি সামনে আসেনি।
নাতাশার বাবার নাম রাজেশ দালাল, যিনি একজন ব্যবসায়ী এবং মায়ের নাম গৌরী। স্কুলজীবন থেকেই বরুণের সঙ্গে নাতাশার পরিচয়। ক্লাস সিক্সে পড়ার সময় তাদের দেখা হয় এবং বন্ধুত্ব গড়ে ওঠে।
বরুণ-নাতাশার বন্ধুত্ব একসময় প্রেমে রূপ নেয়। স্কুল শেষ হওয়ার আগেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একটি কনসার্টে আবার যখন তাদের দেখা হয়, তখন প্রেম গভীর হয়। ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ এর মধ্য দিয়ে বরুণের বলিউডে অভিষেকের পর প্রেমের বন্ধন আরও শক্ত হয়।
বিয়ের আগেই বরুণের জন্য করভা চৌথ পালন করেছিলেন নাতাশা। করভা-তে তিনি উপবাস করেছিলেন। তখনই ধারণা করা হয়েছিল যে, বরুণ তার ‘বিশেষ একজন’ হতে চলেছেন। সূত্র : ডেক্কান হেরাল্ড
