টিকা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি : তথ্যমন্ত্রী

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১২:০৯ এএম

বিএনপি করোনা টিকার বিষয়ে বিভ্রান্তি ছড়িয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেছেন, বিএনপি আশা করছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার সঠিকভাবে করোনা মোকাবিলা করতে পারবে না। কিন্তু আমরা যেভাবে মোকাবিলা করেছি, তা আজ সমগ্র বিশ্বে স্বীকৃত এবং প্রশংসিত। তখনই তারা (বিএনপি) এই টিকা নিয়ে প্রশ্ন তুলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত এই টিকা পৃথিবীতে সবচেয়ে কার্যকর টিকাগুলোর অন্যতম এবং আমাদের জলবায়ুতে অত্যন্ত কার্যকর, যা ভারতে কোটি কোটি মানুষের ওপর প্রয়োগ করা হচ্ছে এবং আগাম বুকিংয়ের মাধ্যমে নিয়ে এসে আমাদের দেশেও সরকার প্রয়োজনের নিরিখে অর্থাৎ ফ্রন্ট লাইন ফাইটারকে এই টিকা অগ্রাধিকারভিত্তিতে প্রথমে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, মির্জা ফখরুল সাহেব জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বলেছেন, এই টিকার ওপর নাকি তাদের আস্থা নেই। অথচ এই টিকার ওপর বিশ^ স্বাস্থ্য সংস্থাসহ পুরো পৃথিবীই আস্থা স্থাপন করেছে। ভারতের কোটি কোটি মানুষকে এবং পৃথিবীর অন্যান্য দেশও এই টিকা কিনে তাদের জনগণকে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। আমি মির্জা ফখরুল সাহেবসহ বিএনপি নেতাদের অনুরোধ জানাব, সরকারের সাফল্যে আপনাদের মুখ মস্নান হয়েছে বলে জনগণকে বিভ্রান্ত করার যে নোংরা খেলায় নেমেছেন, এটি দেশ, জাতি ও জনগণের সঙ্গে প্রতারণা।

‘বিএনপিকে নিধনের জন্যই আগে টিকা দিতে চেয়েছেন তথ্যমন্ত্রী’ বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ বলেন, টিকা আসার খবরে বিএনপি বলেছিল, এই টিকা নিয়ে লুটপাট হবে। অর্থাৎ শুধু ক্ষমতাবানদের টিকা দেওয়া হবে। সেই পরিপ্রেক্ষিতে বলেছিলাম যদি বিএনপি আগে টিকা চায়, তাহলে স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ জানাব তাদের আগে দেওয়ার জন্য। এখন রিজভী সাহেবের কথায় মনে হচ্ছে, তারা হয়তো আদৌ টিকা নিতে চান না। তাকে এবং তার মহাসচিবকে বলব, জনগণকে বিভ্রান্ত করার নোংরা রাজনীতিটা বন্ধ করুন।

মতবিনিময়কালে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত