চসিকের ১৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৩

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১১:০৩ এএম

চট্টগ্রামের ১৪ নম্বর ওয়ার্ড লালখান বাজার এলাকায় আওয়ামী সমর্থিত প্রার্থী আবুল হাসনাত মোহাম্মদ বেলাল এবং মনোনয়ন বঞ্চিত দিদারুল আলম মাসুমের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।

বুধবার সকাল ৯ টা দিকে লালখান বাজার শহীদ নগর সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সামনে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এ সময় পাথর নিক্ষেপ ও লাঠি নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বশির আহমেদ বলেন, কেন্দ্রের বাইরে গোলযোগ হয়েছে। তবে কেন্দ্রের অভ্যন্তরে কোনো সমস্যা নেই।

খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান বলেন, কেন্দ্রের বাইরে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছিল। পুলিশ আর বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে পরিবেশ শান্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত