কলার ধরে ডাস্টবিনে ময়লা ফেলতে বাধ্য করে নগরবালা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১২:৪১ পিএম

অফিস যাওয়ার পথে বালার সঙ্গে কথা কাটাকাটি হয় এক যুবকের। একপর্যায়ে বালা যুবকের কলার ধরে জোর করে রাস্তায় ফেলে দেওয়া চিপসের প্যাকেট তুলে ডাস্টবিনে রাখতে বাধ্য করে!

শহর পরিচ্ছন্নতা নিয়ে এক নারীর একক আন্দোলন ও উদ্যোগের গল্প নিয়ে নির্মিত বিশেষ টেলিছবি ‘নগরবালা’।

খুবই পরিচিতি নাগরিক সমস্যা নিয়ে ব্যতিক্রমী চিত্রনাট্য লিখেছেন মিজানুর রহমান বেলাল। পরিচালনা করেছেন আদিত্য জনি।

নির্মাতা জানান, ‘নগরবালা’র গল্পে মূলত উঠে আসবে শহরকে পরিচ্ছন্ন রাখার পেছনে একজন তরুণীর যুদ্ধের গল্প।

এভাবেই প্রতিদিন চলার পথে বালা নামের ঐ তরুণীর সঙ্গে; ফুটপাথে, বাজারে, পাড়া-মহল্লায় নানা মানুষের সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ে তর্ক তৈরি হয়।

নির্মাতা জনি বলেন, ‍“বালার কথা হলো, আমরা যদি নগরকে পরিচ্ছন্ন না রাখি নগর ভালো থাকবে না। অসাধারণ এই গল্পে কাজ করতে পেরে আমি আনন্দিত। বিশেষ করে নগরের মানুষ দারুণ একটি বার্তা পাবে এই কাজটি থেকে।”

টেলিছবিতে বালা চরিত্রে অভিনয় করেছেন সানজিদা ইসলাম। আরও আছেন শিপন মিত্র, আজম খান, সারা, ইমরান হাসো, আরশি খানসহ অনেকে।

চ্যানেল আইতে শুক্রবার বেলা ৩টায় প্রচার হবে ‘নগরবালা’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত