চোর সন্দেহে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে জখমের ঘটনায় মামলা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ০৯:৫৩ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে চোর সন্দেহে ৫ম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে মারাত্মক আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় ওই শিক্ষার্থীর বাবা বাদি হয়ে বোয়ালমারী থানায় মামলা করেছেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি রাত চারটার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া গ্রামের কিশোরকে চোর সন্দেহে একই গ্রামের মাজেদ মোল্যার ছেলে রিয়াদ মোল্যা (২০) এবং দুর্গাপুর গ্রামের মো. রকিব আলীর ছেলে হাসিবুল ইসলামসহ ৫/৬ জন লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। 

এ সময় তারা কিশোরের হাতের আঙ্গুলের নখ ওঠানোর চেষ্টা করলে চিৎকারে আশেপাশের লোকেরা ছুটে এসে  উদ্ধার করে। আহতকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। আহত কিশোর স্থানীয় রাঙামুলারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

এ ব্যাপারে মামলার বাদি বলেন, আমার ছেলেকে যারা অন্যায়ভাবে পিটিয়ে  জখম করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত