ভাষাশহীদ রফিক উদ্দিনের বাড়ি ও শহীদ মিনারের সামনে থেকে ‘গুচ্ছগ্রাম’ প্রকল্প স্থানান্তরের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার দুপুর ১টার দিকে মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে ফেইসবুক গ্রুপ ‘শাব্বাস মানিকগঞ্জ’ এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য দেন ফেইসবুক গ্রুপ শাব্বাস মানিকগঞ্জ-এর অ্যাডমিন দেওয়ান মোমিনুল হক, বাংলাদেশ ফোকলোর ফোরামের সভাপতি মিয়াজান কবীর, মানিকগঞ্জ কল্যাণ সমিতি, ঢাকার সভাপতি আলমাস উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম খান, শহীদ রকিফ উদ্দিন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদের সভাপতি মোসলেম উদ্দিন খান প্রমুখ।
বক্তারা বলেন, ভাষাশহীদ রফিকের বাড়ি ও শহীদ মিনারের সামনে গুচ্ছগ্রাম কোনোভাবেই কাম্য নয়। এখানে গুচ্ছগ্রাম নির্মিত হলে এ বাড়িতে আসা-যাওয়া বিঘ্নিত হবে। কারণ সারাবছরই এ বাড়িতে দেশের ও দেশের বাইরে থেকে অনেক মানুষ আসেন। রফিকের স্মৃতিবিজরিত বাড়িটি রক্ষায় অন্যত্র গুচ্ছগ্রাম নির্মাণের দাবি জানান তারা।
