সাংবাদিকসহ দেশের সব নাগরিককে পেনশনের আওতায় আনার কাজ চলছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান। তিনি বলেন, ‘সাংবাদিকরা সমাজের অগ্রসর মানুষ। তারা আমাদের ভুলভ্রান্তি ধরিয়ে দেন। তারা সমাজের আয়না। তাদের অগ্রাধিকার ভিত্তিতে পেনশনের আওতায় আনার পরিকল্পনা আমাদের রয়েছে।’ গতকাল বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) প্রয়াত সদস্যদের স্মরণে আলোচনা সভা, মরণোত্তর সম্মাননা ও সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাবের সভাপতি মিজান মালিক। এতে বিশেষ অতিথি ছিলেন দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ এমপি, ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী, ডিআরইউ সাধারণ সম্পাদক মশিউর রহমান খান ও ক্র্যাব সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফসহ ক্র্যাবের প্রয়াত সদস্যদের পরিবারের সদস্যরা।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘অনেক বিষয় বাইরে থেকে চাকচিক্য দেখি। কিন্তু ভেতরের অবস্থা যে কত করুণ ও দুর্বিষহ সেটা আমরা দেখতে পাই না।’
