বিলাই খামচি: ভোটের মাঠে প্রতিপক্ষকে ঘায়েলে নতুন অস্ত্র

আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ০৯:২৯ এএম

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটের মাঠে প্রতিপক্ষকে ঘায়েল করতে ‘বিলাই খামচি’ নামের এক ‘নতুন অস্ত্র’ ব্যবহারের অভিযোগ পাওয়া গিয়েছে।  

এটি এক ধরণের গুল্মজাতীয় উদ্ভিদ, যা শরীরের সংস্পর্শে এলে প্রচণ্ড চুলকানি তৈরি করে। চট্টগ্রামে স্থানীয়ভাবে এ উদ্ভিদকে বাঁদরওলা বলা হয়। আক্রান্ত ব্যক্তিকে প্রায় ২৪ ঘণ্টাজুড়ে অস্বস্তিতে থাকতে হয়।

নগরীর লালখান বাজার ওয়ার্ডের স্বতন্ত্র প্রার্থী এ এফ কবির মানিকের সমর্থকদের বিরুদ্ধে বিলাই খামচি প্রয়োগের অভিযোগ করেন আওয়ামী সমর্থিত প্রার্থী আবুল হাসনাত মো. বেলালের নারী সমর্থকরা।

ভোটের দিন শহীদনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কাউন্সিলর প্রার্থীর অনুসারী আসমা বলেন, বিদ্রোহী প্রার্থীর নারী সমর্থকরা তাদের ওপর বিলাই খামচি ছিটিয়েছে।

পরাজয় নিশ্চিত জেনে তারা এসব করেছে বলে অভিযোগ করেন আসমা। তাদের একাধিক নারীর সদস্য আক্রান্ত হয়েছে বলে জানান তিনি।

ইংরেজিতে এ উদ্ভিদ ভেলভেট বিন নামে পরিচিত। ইংরেজিতে একে মাংকি ট্যামারিন্ডও বলা হয়।

বুধবার নির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর থেকে লালখান বাজার ওয়ার্ডের শহীদনগর স্কুল কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত