রাজধানীতে একাত্তর টেলিভিশনের ভিডিও এডিটর গোপাল সূত্রধরকে চাপা দেওয়া বাসটির সহকারী (হেলপার) মামুন হাওলাদারকে আটক করেছে পুলিশ।
শুক্রবার নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার এ কথা জানান।
তিনি বলেন, ঝালকাঠির নলছিটি উপজেলার ডেবড়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে মামুনকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেন তারা।
মামুনের বাড়ি একই উপজেলার সুবিদপুর ইউনিয়নের মাধবপাশা গ্রামে।
ওসি বলেন, মামুন শ্বশুর বাড়িতে পালিয়ে ছিল। গোপনে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মামুনকে গুলশান থানায় হস্তান্তর করা হবে বলে ওসি আবুল হালিম জানান।
গত বুধবার বিকালে মোটরসাইকেল চালিয়ে খিলক্ষেত নিকুঞ্জের বাসায় ফেরার পথে প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কের সামনে উত্তরাগামী ভিক্টর ক্ল্যাসিকের একটি বাসের ধাক্কায় প্রাণ হারান ৭১ টিভির সাংবাদিক গোপাল সূত্রধর। এ ঘটনায় গুলশান থানায় হয়।
নিহত গোপাল সূত্রধরের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের পাটগ্রামে। তিনি ৭১ টেলিভিশনে ভিডিও এডিটর হিসেবে কর্মরত ছিলেন।
