ইসরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণ: অমিত শাহর কলকাতা সফর বাতিল

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ০৯:১৭ এএম

বিধান সভা নির্বাচনকে ঘিরে পশ্চিম বঙ্গে সফরের কথা ছিল অমিত শাহর। কিন্তু হঠাৎ-ই তা বাতিল হলো।

কলকাতার গণমাধ্যম বলছে, শুক্রবার রাতে অমিত শাহর রাজ্যে আসার কথা ছিল। সেই সফর আপাতত বাতিল করা হয়েছে।

শুক্রবার বিকেলে দিল্লির এ পি জে আব্দুল কালাম রোডে অবস্থিত ওই দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এরপরই পশ্চিম বঙ্গের রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘দিল্লিতে পরিবর্তিত পরিস্থিতির কারণে অমিত শাহ আসতে পারছেন না। তার সফর স্থগিত রয়েছে। সফর কবে হবে তার দিনক্ষণ পরে জানানো হবে।’’

তবে এও জানান, রবিবার হাওড়ায় যোগদান কর্মসূচি এখনো বহাল রয়েছে। অমিতের বদলে অন্য কোনো কেন্দ্রীয় নেতা ওই সভায় আসতে পারেন, কিন্তু কে আসবেন তা এখনো তাদের জানা নেই।

বিজেপির অন্য সূত্র বলছে, সেই সভাতে জেপি নড্ডা অথবা রাজনাথ সিং বা যোগী আদিত্যনাথ আসতে পারেন। তবে এর কোনটিই চূড়ান্ত নয়। সিদ্ধান্ত জানা যাবে শনিবার।

ওই সভায় রাজ্যের সাবেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, বিধায়ক বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, হাওড়ার সাবেক মেয়র রথীন চক্রবর্তী-সহ কয়েকজনের বিজেপিতে যোগদানের কথা ছিল। এই পরিস্থিতি কি তারা যোগদান করবেন? দিলীপ বলেন, “সভা হওয়ার কথা আছে। যারা যোগদান করতে চান, তারা আসতেই পারেন।”

দিল্লিতে বিস্ফোরণের পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেন অমিত। তারপরই আপাতত দিল্লিতেই থাকার সিদ্ধান্ত নেন। কারণ, বিদেশি একটি দূতাবাসের সামনে এমন বিস্ফোরণ ঘটলে তার নৈতিক দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপরেই বর্তায়। সেই দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে এই ‘স্পর্শকাতর’ সময়ে অমিত দিল্লি ছাড়তে চাননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত