মাদকাসক্ত ও জঙ্গিবাদ থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে হবে বলে জানিয়েছেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, যারা মাদকাসক্ত হয়, তাদের অধিকাংশই বন্ধুর দ্বারা প্রভাবিত হয়ে হয়। তাই বন্ধু নির্বাচন করার আগে সতর্ক থাকতে হবে। গতকাল ডিএমপির সদস্যদের
সন্তানদের উচ্চশিক্ষা লাভে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ৯১৫ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গতকাল রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কমিশনার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৃত্তি প্রদান আমাদের সন্তানদের লেখাপড়ায় অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। আমরা তাদের মাঝে একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি করতে চাই। যাতে তারা মানুষের মতো মানুষ হতে পারে। অবস্থা পরিবর্তনের একমাত্র হাতিয়ার শিক্ষা। শিক্ষাই সবার মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। সফলতার জন্য শর্টকাট কোনো রাস্তা নেই। যারা পড়ালেখায় ফাঁকিবাজি করবে, তাদের জীবনও ফাঁকিবাজিতে পড়ে যাবে। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির মেধাবী সন্তানদের বৃত্তি দেওয়া হয়। পুরস্কার দেওয়া হয়। পিইসি, জেএসসি, এসএসসি, ও-লেভেল, উচ্চশিক্ষাবৃত্তি ও শিক্ষা সহায়তা বৃত্তিপ্রাপ্ত ৯১৫ জনকে পুরস্কার দেওয়া হয়।
