সাইকেল চুরিকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ০৩:১৭ এএম

যশোরের মনিরামপুর উপজেলার পল্লীতে সাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে মুকুল হোসেন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার সিরালি-মদনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুকুল হোসেন ওই গ্রামের আমিন মোড়লের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে গতকাল শনিবার সকালে থানায় মোন্তাজ আলী ও তার ছেলে টিপু সুলতানসহ ছয়জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।

পুলিশ ইতিমধ্যে এলাকায় অভিযান চালিয়ে মামলার পাঁচ আসামিকে আটক করেছে। তারা হলেন টিপু সুলতান, টিপু সুলতানের দুই শ্যালক আসাদুল ইসলাম ও সাজেদুল ইসলাম, প্রতিবেশী দিপু হোসেন ও রায়হান হোসেন। উপজেলার কাশিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম আহাদ আলী বলেন, কয়েকদিন আগে সিরালি-মদনপুর গ্রামের এক ব্যক্তির সাইকেল হারিয়ে যায়। পরে পাশের সাড়াপোল বাজারে মোন্তাজের মুদি দোকানে সেই সাইকেলটি পাওয়া যায়। এ ঘটনায় মোন্তাজকে দোষারোপ করে মুকুল তাকে বেদম মারপিট করে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মোন্তাজের বাড়ির পাশে নিজের মৎস্য খামারে যায় মুকুল। সেখানে মোন্তাজের ছেলে টিপু সুলতানের সঙ্গে প্রথমে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে টিপুর মা এবং চাচাতো ভাই দিপু সেখানে হাজির হলে মুকুলের সঙ্গে তাদের বাগ্বিত-া এবং মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে তারা মুকুলকে মারপিটের পর কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত