সুইডেনের একটি দ্বীপে বসে সিনেমা উপভোগ করার সুযোগ পেলেন একজন নার্স। একাই তিনি ৬০টি সিনেমা দেখবেন।
বিবিসি জানায়, গোটেবর্গ ফিল্ম ফেস্টিভ্যাল উপভোগ করার সুযোগ একাই জিতে নেন লিসা এনরথ নামে একজন নার্স। বিশ্বজুড়ে ১২ হাজার সিনেমাপ্রিয় মানুষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
করোনা মহামারি মোকাবিলায় ফ্রন্টলাইন কর্মী হিসেবে কাজ করেছিলেন ওই নার্স। সুইডেন উপকূলের ওই দ্বীপে একটি লাইট হাউসে বসে তিনি ৬০ সিনেমা উপভোগ করবেন এক সপ্তাহে।
লিসা এনরথ বলেন, ‘এক সপ্তাহের জন্য একেবারে ভিন্ন ধরনের বাস্তবতা উপভোগ করব বলে আশা করছি।’
মহামারির কারণে কার্যক্রম সীমিত করতে বাধ্য হন এই ফিল্ম ফেস্টিভ্যালের সংগঠকেরা। ফলে এবার পুরো ফেস্টিভ্যালটি চালাতে হবে অনলাইন স্ট্রিমিংয়ে।
কিন্তু একজন প্রকৃত সিনেমাপ্রেমীকে খুঁজছিলেন তারা, যার জন্য আয়োজন করা হয় একটি প্রতিযোগিতার। সেখানে ১২ হাজার মানুষ অংশ নেয়। সবাইকে হারিয়ে দেন নার্স লিসা।
সংগঠকেরা বিবিসিকে জানান, তারা একজন প্রকৃত মুভি ফ্যানকে খুঁজছিলেন, যিনি ইমোশনালি এবং সাইকোলজিক্যালি এটির সঙ্গে যুক্ত হতে সক্ষম।
নার্স লিসা জানান, মহামারি মোকাবিলা করতে গিয়ে সেই শক্তি অর্জন করেন তিনি।
হামনেসকার দ্বীপে কোনো ফোন, কম্পিউটার, বই এমনকি যে কোনো বিনোদনের মাধ্যম ছাড়াই এক সপ্তাহ থাকতে হবে থাকে। শুধু সিনেমাই উপভোগ করবেন তিনি।
