শহীদ মিনারের পাশে ফুলবিক্রেতা কিশোরীর বিবস্ত্র মরদেহ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ০৭:৫৭ পিএম

ধর্ষণের পর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ১৫ বছরের এক কিশোরীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। পুলিশ কিশোরীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে।

এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আবুল খায়ের (৩৬) নামে এক যুবককে আটক করেছে শাহবাগ থানা-পুলিশ। খায়ের পেশায় ভবঘুরে এবং সে কিশোরীকে গলাটিপে হত্যা ও ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে।

রবিবার সকালে শাহবাগ থানা-পুলিশ তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়। ঘটনার শিকার কিশোরীটি শহীদ মিনার ও আশপাশের এলাকায় ফুল বিক্রি করত এবং কামরাঙ্গীরচরে মা বাবার সঙ্গে থাকত।

শাহবাগ থানার ওসি মামুন অর রশীদ দেশ রূপান্তরকে জানান, ভোরে শহীদ মিনারের পেছন থেকে বিবস্ত্র কিশোরীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে খায়ের নামে একজনকে আটক করা হয়েছে। এছাড়া ঘটনার শিকার কিশোরীর ৩ বান্ধবীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদে তিন কিশোরী জানিয়েছে তারা শহীদ মিনার এলাকায় ভাসমান অবস্থায় থাকে। রাতে খায়ের টাকার বিনিময়ে নিহত কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয়। রাজি না হওয়াতে তাকে ধর্ষণ করে খায়ের।

ওসি মামুন অর রশীদ আরও জানান, আমাদের জিজ্ঞাসাবাদে আবুল খায়ের হত্যা ও ধর্ষণ চেষ্টার বিষয়টি স্বীকার করেছে। সে একাই গলাটিপে হত্যা করেছে বলে জানিয়েছে। আবুল খায়ের নিজেও ভবঘুরে। তার গ্রামের বাড়ি বরিশালের বানারী পাড়ায়। খায়েরের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। 

নিহত কিশোরীর দুই বান্ধবী জানান, বহু বছর ধরে তারা শহীদ মিনার এলাকায় এক সঙ্গে ফুল বিক্রি করে করে আসছে। নিহত কিশোরীর বাবা পেশায় রিকশাচালক। ২ ভাই ১ বোনের মধ্যে সে বড়। কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

ঢামেক ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস বলেন, মৃতদেহ থেকে নেকটিস্যু, হাইভেজাইনাল সোয়াব ও ভিসেরা সংগ্রহ করা হয়েছে। এছাড়া ডিএনএ পরীক্ষার জন্য ব্লাড সংগ্রহ করা হয়েছে। নমুনাগুলো পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মৃতদেহের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ময়নাতদন্ত সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক দেশ রূপান্তরকে বলেন, কিশোরীটি এর আগেও যৌন নিপীড়নের শিকার হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত