‘আমি আপনার সন্তানের মতো: জাফর উল্যাহকে নিক্সন চৌধুরী

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৫ এএম

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহর উদ্দেশে আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও  ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আপনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, আমিও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার; আসুন মিলেমিশে জনগণের উন্নয়ন করি।

তিনি বলেন, ‘আপনি রাজনীতি করবেন আর আমি উন্নয়ন করব। এতে আওয়ামী লীগ সুসংগঠিত হবে, জননেত্রীর হাত আরো শক্তিশালী হবে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সহায়তা হবে’।

রোববার সন্ধ্যায় ভাঙ্গা পৌরভবন চত্বরে ভাঙ্গা পৌরসভার মেয়রের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বারবার নির্বাচিত পৌর মেয়র আবু ফয়েজ মো. রেজা তার কাউন্সিলরদের নিয়ে প্রধান অতিথির হাতে নৌকা উপহার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে নিক্সন চৌধুরী জাফর উল্যাহকে বলেন, ‘আমি আপনার সন্তানের মতো, যা বলেছি রাজনীতির মঞ্চে বলেছি, এ মঞ্চে বহু নেতা রয়েছেন যারা আমার উন্নয়নে বাধা দিয়েছিল, গালাগালি করেছিল , তারাই আমাকে আজ সংবর্ধনা দিয়েছে। এরা সবাই আওয়ামী লীগের লোক,  আমি পেছনের সব কথা ভুলে গেছি। আপনি আসুন আরো বড় মঞ্চ করে আপনাকে সম্মান দেখাব, আপনি এসে শুধু আমাদের দোয়া দিয়ে যান’।

ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবু ফয়েজ মো. রেজা তার বক্তব্যে বলেন, ‘নিক্সন চৌধুরী আমার আত্মীয় , তারপরেও স্বতন্ত্র এমপি হওয়ায় তার সঙ্গে গত সাত বছর ধরে সৌজন্যমূলক সম্পর্ক ছিল না। এখন শেখ হাসিনা তাকে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য করে আমাদের সঙ্গে মিলিয়ে দিয়েছেন। তাই আমরা একই দলের। সে জন্য তাকে সংবর্ধনা দিয়ে তার নেতৃত্বে ভাঙ্গায় উন্নয়ন করব’।

সংবর্ধনা অনুষ্ঠানে পৌর মেয়রের নেতৃত্বে পৌরসভার সব পুরুষ ও নারী কাউন্সিলরসহ হাজারো নেতাকর্মী ফেস্টুন, ব্যানার ও বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিলসহ অনুষ্ঠানে যোগ দেন ।

সভায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু মুন্সি বলেন, ‘আমরা আগে থেকেই নৌকার লোক আপনি নৌকা নিয়ে আসুন আপনার সঙ্গে আছি এবং থাকব’।

পৌর মেয়রের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজি হেদায়েতুল্লাহ সাকলাইন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের অর্থ সম্পাদক স শাহাদাত হোসেন, উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফাইজুর রহমান, ফরিদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ সাহিনুর ও আওয়ামী লীগ নেতা অ্যাপোলো নওরোজ।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলার ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. সফিউদ্দিন মোল্লাসহ দশ ইউনিয়নের চেয়ারম্যান ও ভাঙ্গা পৌর সভার সব নারী ও পুরুষ কমিশনার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত