মৌসুমের সর্বনিম্ন ৫.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৭ পিএম

চুয়াডাঙ্গা জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৭ ডিগ্রি রেকর্ড করেছে। সোমবার সকালে আবহাওয়া অফিস জানিয়েছে, এটিই চলতি মৌসুমে এ পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা। 

মধ্য বেলায় সূর্যের দেখা মিললেও ঘন কুয়াশা ও হিম বাতাসে সূর্য তার আলোকরশ্মিতে উত্তাপ ছড়াতে পারছে না। 

শীতের তীব্রতার ব্যাপকতা ছড়ালে অবর্ণনীয় দুর্ভোগে পড়ে স্বল্প আয়ের মানুষেরা। দিন আনা দিন খাওয়া মানুষের দৈনন্দিন জীবিকার উপর পড়েছে বিরূপ প্রভাব। 

কড়া শীতের মধ্যেই ভোর সকালে শ্রমজীবী মানুষেরা কাজের সন্ধানে ঘর থেকে বের হয়। কাজ না পেয়ে আবারও তারা বড়ি ফিরে যাচ্ছে। 

এ ছাড়া ছিন্নমূল অসহায় মানুষেরা গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। শীতের তীব্রতায় চুয়াডাঙ্গায় বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। প্রতিদিন নতুন নতুন রোগী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। 

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক সামাদুল হক জানান, সোমবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটিই এ মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এ রকম পরিস্থিতি আরও দু-এক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত