ছেলেধরা গুজব: বিচারের জন্য প্রস্তুত রেনু হত্যা মামলা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০৪ পিএম

ছেলেধরা গুজবে তাসলিমা বেগম রেনুকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় করা মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়েছে।

ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ সোমবার মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় বদলির আদেশ দেন। বাড্ডা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদালত মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন। বুধবার মামলার আসামি মহিউদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ওই দিন ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নুরের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত ২০১৯ সালের ২০ জুলাই উত্তর বাড্ডায় ছেলেধরা গুজব ছড়িয়ে তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে আহত করে বিক্ষুব্ধ জনতা। গুরুতর আহত অবস্থায় রেনুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বাড্ডা থানায় ৪০০-৫০০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেন রেনুর ভাগনে নাসির উদ্দিন। গত ১০ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ১৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর আব্দুল হক।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন- ইব্রাহিম ওরফে হৃদয় মোল্লা, রিয়া বেগম ময়না, আবুল কালাম আজাদ, কামাল হোসেন, মো. শাহিন, বাচ্চু মিয়া, মো. বাপ্পি, মুরাদ মিয়া, সোহেল রানা, আসাদুল ইসলাম, বেল্লাল মোল্লা, মো. রাজু ও মহিউদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত