সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার রাত ১১টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ জানান, রাত সাড়ে ১১টার দিকে মুনসুর আহমেদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তিনি রাজধানীর ঢাকার স্পেশালাইজড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
দপ্তর সম্পাদক শেখ হারুন জানান, মুনসুর আহমেদ কভিড-১৯ আক্রান্ত হয়ে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত ১২ জানুয়ারি সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সাতক্ষীরা স্টেডিয়াম থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেওয়া হয়।
বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ ও তার ব্যক্তিগত গাড়ি চালক আব্দুল মইন গত ২৮ ডিসেম্বর শারীরিক অসুস্থতাজনিত কারণে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এরপর ১১ জানুয়ারি তাদের দু’জনেরই করোনা নেগেটিভ আসে।
তবে, শারীরিক নানা জটিলতার কারণে পরিবারের ইচ্ছা অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
আজ মঙ্গলবার জোহর বাদ সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে মুনসুর আহমেদের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
