ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ১৪ জেলায় চলছে শৈত্যপ্রবাহ। বিগত ১০ বছরে এটাই শীতলতম ফেব্রুয়ারি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
এই সময় জানায়, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।
তবে মঙ্গলবার সামান্য বেড়েছে তাপমাত্রার পারদ। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি।
চলতি সপ্তাহে রাজ্যজুড়ে শীতের তীব্রতা থাকছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আলীপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বিগত ১০ বছরে এটাই শীতলতম ফেব্রুয়ারি। মঙ্গলবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দপ্তর জানায়, আগামী দু’দিন রাজ্যের ১৪টি জেলায় চলবে শৈত্যপ্রবাহ। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম ও পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদীয়াতে দাপট দেখাবে শীত। উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহারে শৈত্যপ্রবাহ চলবে। যদিও খুব বেশি দিন থাকবে না শীত।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পার হওয়ার পরেই ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রার পারদ।
এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। মৌসুম বিভাগ সূত্রে এই সময় বলছে, উত্তর-পশ্চিম ও মধ্যভারতে আগামী ৪৮ ঘণ্টায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বিহার ও ঝাড়খণ্ডে ৫ ও ৬ ফেব্রুয়ারি হতে পারে বৃষ্টিপাত।
