কৃষক আন্দোলন ঠেকাতে দিল্লিতে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ০২:২২ পিএম

ভারতের প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিলের অভিজ্ঞতার জেরে উত্তর রেলওয়েকে এক ডজনেরও বেশি সংখ্যক ট্রেন বাতিল করার আবেদন জানিয়েছে দিল্লি পুলিশ।

সোমবার কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার আগেই তা আংশিক কার্যকর করা হয়েছে বলে রেল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

গত ৩১ জানুয়ারি উত্তর রেলওয়েকে পাঠানো দু’টি চিঠিতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হরিয়ানা ও পাঞ্জাব থেকে নয়াদিল্লিতে আগত বিক্ষুব্ধ কৃষকরা সংসদ ভবনে পতাকা তোলার পরিকল্পনা করেছেন।

কৃষক বিক্ষোভে আরও বেশি সংখ্যক প্রতিবাদীদের অংশগ্রহণ রুখতে পুরোনো দিল্লি রেল স্টেশনের বদলে নারেলা রেল স্টেশনে বেশ কিছু ট্রেন বাতিল করার জন্য রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে দিল্লি পুলিশ।

এ তালিকায় রয়েছে জম্মু-রাজধানী ইন্টারসিটি এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস, নানদেড় এক্সপ্রেস, পশ্চিম এক্সপ্রেস, উনা জনশতাব্দী এক্সপ্রেস, পঞ্জাব মেল,কালকা শতাব্দী এক্সপ্রেস, ঝিলম এক্সপ্রেস ও শ্রী শক্তি এক্সপ্রেস ছাড়াও কয়েকটি ট্রেন।

তবে উত্তর রেলের তরফে হিন্দুস্তান টাইমসকে জানানো হয়েছে, পুলিশের আবেদন থাকলেও মাত্র তিনটি ট্রেনের রুট ‘প্রযুক্তিগত কারণে’ ঘুরিয়ে দেওয়া হয়। জানানো হয়েছে, পাঞ্জাব মেল. গঙ্গানগর ইন্টারসিটি এক্সপ্রেস এবং ভাটিন্ডা-দিল্লি কিষান এক্সপ্রেসের পরিচিত পথ পরিবর্তন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রেলের পক্ষ থেকে চূড়ান্ত সতর্কতা আরোপ করা হয়েছে এবং উল্লিখিত ট্রেনগুলোর যাত্রীদের ওপরে নজরদারি বহাল রয়েছে।

এর আগে রবিবার নিজের মাসিক ‘মন কি বাত’ রেডিও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকার অবমাননা দেখে দেশ মর্মাহত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত