যুক্তরাষ্ট্রকে সমন্বিতভাবে পরমাণু চুক্তিতে ফেরার আহ্বান জানিয়েছে ইরান। গত সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এ আহ্বান করেছেন বলে জানিয়েছে সিএনএন। সাক্ষাৎকারে জারিফ বলেন, ২০১৫ সালের পরমাণু চুক্তি সমন্বয়ের প্রচেষ্টায় ইউরোপীয় ইউনিয়নের একজন কর্মকর্তা সাহায্য করতে পারেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল এ মিটমাটের কাজটি সম্পাদন করতে পারেন বলে মন্তব্য করেন জারিফ।
ওবামা আমলে ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরের পর থেকেই এর বিরুদ্ধে সরব হয় ইসরায়েল ও সৌদি আরব। পরে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আগেই ঘোষণা দিয়েছিলেন, ক্ষমতায় এলে তিনি ফের যুক্তরাষ্ট্রকে এ চুক্তিতে ফেরাবেন। ফলে এখন বাইডেন ক্ষমতায় আসায় বিপাকে পড়েছে সৌদি আরব ও তার মিত্র সংযুক্ত আরব আমিরাত।
উদ্ভূত পরিস্থিতিতে দেশ দুটি চাইছে, ওয়াশিংটন যদি শেষ পর্যন্ত ফের এ সমঝোতায় ফিরে যায় তাহলে তেহরানের সঙ্গে নতুন আলোচনায় যেন তাদেরও অন্তর্ভুক্ত করা হয়। তবে এ ব্যাপারে নিজের অবস্থান এরই মধ্যে পরিষ্কার করেছে ইরান। দেশটি সাফ জানিয়ে দিয়েছে, ওই সমঝোতায় নতুন করে তৃতীয় কোনো পক্ষকে যুক্ত করার সুযোগ নেই।
