নাগরিক সেবায় বিদ্যমান চ্যালেঞ্জকে ব্যক্তিগত চ্যালেঞ্জ হিসেবে মনে করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল মঙ্গলবার দুপুরে নগর ভবনের বুড়িগঙ্গা হলে মাসিক সমন্বয় সভার শুরুতে করপোরেশনের কর্মকর্তাদের এ আহ্বান জানান তিনি। এ সময় মেয়র তাপস করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সকল বিভাগীয় প্রধান ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের ল্যাপটপ হস্তান্তর করেন।
মেয়র বলেন, ‘সরকারি কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সরকার যেমন ই-নথি চালু করেছে তেমনি ক্রয় কার্যে ই-জিপি বাস্তবায়ন করা হয়েছে। তাই কাঠামোবদ্ধ দাপ্তরিক সময়সূচির বাইরেও জনগণকে সেবা প্রদানে সবাইকে আরও বেশি আন্তরিক হতে হবে। জনগণের সেবাপ্রাপ্তির পথে বিদ্যমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সেসব চ্যালেঞ্জ উত্তরণে আরও বেশি মনোযোগী হতে হবে।
