মিয়ানমারে থাকা রোহিঙ্গাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন জাতিসংঘের মুখপাত্র। সেনা অভ্যুত্থানের ফলে সে দেশের সংখ্যালঘু এ মুসলমান জনগোষ্ঠীর দুর্দশা আরও বাড়তে পারে বলে আশঙ্কা৷
সোমবার বৈশ্বিক এ সংস্থার এক মুখপাত্র এ আশঙ্কা ব্যক্ত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মিয়ানমারের অভ্যুত্থান নিয়ে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক হওয়ার কথা। তার আগের দিন জাতিসংঘের মুখপাত্র মিয়ানমারে থাকা রোহিঙ্গাদের নিয়ে এ উদ্বেগের কথা জানান।
সোমবার মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির সরকারকে সরিয়ে নিজেরা ক্ষমতায় বসে সু চিসহ রাজনৈতিক নেতাদের আটক করে।
২০১৭ সালে দেশটির রাখাইনে সামরিক বাহিনীর দমনপীড়ন থেকে বাঁচতে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগেও কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। তারা এখন শরণার্থীশিবিরে জীবন কাটাচ্ছেন।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং বিভিন্ন পশ্চিমা দেশ ৪ বছর আগে রাখাইনে সামরিক বাহিনীর ওই তৎপরতাকে ‘জাতিগত শুদ্ধি অভিযান’ হিসেবে আখ্যা দিয়ে এলেও মিয়ানমার সেনাবাহিনী তা প্রত্যাখ্যান করে আসছে।
