ভারতের বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে চলমান কৃষক আন্দোলন নিয়ে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় হট্টগোল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আম আদমির ৩ সদস্যকে বহিষ্কার করা হয়েছে।
রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর এক ঘোষণায় সেখানে সৃষ্টি হয় হইচই। বেঙ্কাইয়া বলেন, কৃষক আন্দোলন নিয়ে আলোচনা হবে প্রেসিডেন্টের বক্তব্যের উপর ধন্যবাদ জ্ঞাপনের পর।
বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাজ্যসভার চেয়ারম্যানের এমন ঘোষণায় সরকার-বিরোধীদের সমঝোতা বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি।
বেঙ্কাইয়া নাইডুর এমন ঘোষণার প্রতিবাদ জানান আম আদমি পার্টি’র (এএপি) রাজ্যসভার তিন সদস্য। তারা সেখানে উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন।
সেসময় চেয়ারম্যান নাইডু তাদের শান্ত হতে বললেও তারা প্রতিবাদী স্লোগান দেন। এই হট্টগোলের কারণে নাইডু এএপি’র সদস্যদের অধিবেশনস্থল ছাড়ার নির্দেশ দেন। তিনি রাজ্যসভার প্রথম দিনের সভাও মুলতবি করেন।
রাজ্যসভার চেয়ারম্যান ২৫৫ রুল ব্যবহার করে এএপি’র তিন সদস্য-সঞ্জয় সিং, এডি গুপ্ত ও সুশীল কুমার গুপ্তকে অধিবেশন থেকে একদিনের জন্যে বহিষ্কার করেন।
