কুমিল্লা দাউদকান্দিতে মাটি কাটার ভেকু মেশিনের (এক্সকাভেটর) ধাক্কায় গ্রামীণ সড়কের সেতুতে ফাটল ও রেলিং ভাঙার অভিযোগ উঠেছে।
এতে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে এলাকাবাসী জানান।
সরেজমিনে জানা যায়, উপজেলার মারুকা ইউনিয়নের স্বপাড়া গ্রামের মনমোহন পোদ্দারের ছেলে অমর পোদ্দার তার জমিতে পুকুর খননের জন্য ভাড়ায় ভেকু মেশিন নেন।
মঙ্গলবার রাতে ভেকু মেশিনটি মারুকা ইউনিয়নের স্বপাড়া এবং বিটেস্বর ইউনিয়নের নৈয়ার সংযোগ সেতু দিয়ে নেয়ার সময় ভেকু মেশিনের ধাক্কায় সেতুর স্লাবে ফাটলসহ আংশিক রেলিং ভেঙে যায়।
বুধবার (আজ) সকালে এলাকাবাসী সেতুর ফাটল ও ভাঙা দেখে স্থানীয় চেয়ারম্যান খলিল তালুকদারকে জানান। ঘটনাস্থল পরিদর্শন করে চেয়ারম্যান বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম খান বলেন, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি আমি শুনেছি। সেতুর রেলিং ভাঙা ও ফাটলের বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর আর কৃষি জমিতে পুকুর কাটার বিষয়টি চেয়ারম্যানের মাধ্যমে বন্ধ করা হয়েছে।
