চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীর চর আর পাড় কেটে অবাধে বিক্রি করছে একটি চক্র।
উপজেলার সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া সিকদার পাড়া এলাকার স্থানীয় আনোয়ার আজিজ মাদ্রাসার পেছনে হালদার পাড় থেকে মাটি ও চর কেটে নিয়ে যাচ্ছে এই সিন্ডিকেট।
আলতাফ নামের স্থানীয় এক যুবলীগ নেতার সঙ্গে এই সিন্ডিকেটে রয়েছে একাধিক ব্যক্তি।
বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই এলাকায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে নির্মিত হালদা নদীর নতুন বেড়িবাঁধের পাশ ঘেঁষে কাটা হচ্ছে মাটি ও বালি। পরে চাঁদের গাড়িতে করে সেগুলো উপজেলার বিভিন্ন এলাকায় ইটভাটা, সড়ক, বাড়িঘর নির্মাণের কাজে সরবরাহ করা হচ্ছে।
মাটি কাটার কারণে হুমকির মুখে পড়ছে বাঁধ। অপরিকল্পিতভাবে মাটি কেটে নেওয়ার কারণে নদী পাড়ের মানুষ ভাঙনের আশঙ্কা করছে। মাটি কাটার ফলে উজাড় হচ্ছে গাছপালা। নষ্ট হচ্ছে পরিবেশ। রাত-দিন মাটিবাহী ট্রাকের দাপটে অতিষ্ঠ হয়ে পড়েছে নদী পাড়ের বাসিন্দারা।
মাটি ও বালি বিক্রি করার বিষয়ে সিন্ডিকেটের আলতাফ এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা সহকারী কমিশনার ভূমি জিসান বিন মাজেদকে বিষয়টি জানালে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
