একনেকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরসহ ৮ প্রকল্প অনুমোদন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১৪ পিএম

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪ হাজার ৩৪৭ দশমিক ২১ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর প্রকল্প অনুমোদন দিয়েছে। এছাড়াও একনেকের বৈঠকে আরও সাতটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

বুধবার এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

অনুমোদন দেওয়া মোট আটটি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৩২৪ কোটি ৩৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৫ হাজার ১৪০ কোটি ৩৯ লাখ টাকা, বৈদেশিক সহায়তা থেকে ৬ হাজার ১৬৫ কোটি ৮২ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে ১৮ কোটি ১২ লাখ টাকা ব্যয় করা হবে।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর একটি বড় প্রকল্প। এখানে আমরা অবকাঠামো তৈরি করে দেব। বিনিয়োগকারীরা বাকি কাজ করবে।

তিনি বলেন, শিল্প নগরে আমর্স বা ড্রাগ তৈরির জন্য প্রকল্প নেওয়া যাবে না। এখানে আমাদের অনুমোদিত পণ্য তৈরির জন্য যে কেউ বিনিয়োগ করতে পারবে।

অনুমোদিত অন্য প্রকল্পগুলো হচ্ছে- পল্লী সড়কে গুরত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প, ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই ওয়াটার সাপ্লাই প্রজেক্ট, টাঙ্গাইল জেলার ১০টি পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্প, যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্প, তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প, ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন-ইকো-সিস্টেম উন্নয়ন প্রকল্প, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্প, হাতিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন প্রকল্প।

ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই ওয়াটার সাপ্লাই প্রজেক্ট-এর আওতায় পরিবেশগত ও জলবায়ু প্রভাবের কারণে বাধাগ্রস্ত পানি সরবরাহ ব্যবস্থা আরও উন্নত করতে এবং রাজধানীর পানি সরবরাহ আরও উন্নত করতে মেঘনা নদী থেকে পানি আনা হবে।

যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্পের আওতায় প্রশিক্ষিত ড্রাইভার তৈরি করা হবে। এক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে নিরক্ষরদের নেওয়া হবে না। যারা অষ্টম শ্রেণী পাশ, সুস্বাস্থ্যেও অধিকারি এবং চোখ ও কান যাদের ঠিক থাকবে তারা প্রশিক্ষণ নিতে পারবেন বলে মন্ত্রী জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত