এই ছোটখাটো কাতুকুতু দিয়ে লাভ হবে না: তথ্যমন্ত্রী

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৫ পিএম

আলজাজিরার প্রতিবেদনের প্রতি ইঙ্গিত করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশি মিডিয়ার স্লট ভাড়া করে একটি চিহ্নিত চক্র দেশবিরোধী অপপ্রচার করছে। কিন্তু এই ছোটখাটো কাতুকুতু দিয়ে লাভ হবে না।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ ‘একুশের চেতনায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে যারা পলাতক, যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে যাদের বিচার হচ্ছে, তারা এখন বিদেশি গণমাধ্যমের স্লট ভাড়া নিয়ে এসব বানোয়াট প্রতিবেদন প্রকাশ করছে।

তিনি বলেন, দেশের মানুষ সজাগ আছে, সতর্ক আছে এবং আওয়ামী লীগের ভিত্তি ও আওয়ামী লীগের নেতৃত্বে এই সরকারের ভিত্তি তৃণমূলে প্রোথিত। সুতরাং এই ছোটখাটো কাতুকুতু দিয়ে লাভ হবে না।

হাছান মাহমুদ বলেন, ‘যারা যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে, মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের সংখ্যা নিয়ে যারা প্রশ্ন তুলেছিল, স্বনামধন্য একজন আইনজীবীর মেয়ের ইহুদি জামাতাসহ স্বাধীনতাবিরোধী জামাত চক্র, যারা আজ দেশের মানুষের কাছে নিন্দিত, ঘৃণিত, ধিক্কৃত ও বর্জিত, তারা এখন তাদের অর্থ-বিত্ত দিয়ে মানুষ ভাড়া করে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার স্লট ভাড়া করে, মানুষ ভাড়া করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে বিভিন্ন মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু প্রতিবেদন সেই অপচেষ্টারই প্রতিফলন মাত্র। কিছু ভুল ও অসত্য তথ্য কাট-পেস্ট করে যে ধরনের প্রতিবেদন প্রচার করা হচ্ছে, সেটি আসলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।’

তথ্যমন্ত্রী বলেন, ‘এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকতে হবে। কারণ দেশ এগিয়ে যাচ্ছে, এটি অনেকের পছন্দ হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সঠিকভাবে করোনা মোকাবিলায় সমর্থ হয়েছে, এটি অনেকের গাত্রদাহ, এ জন্যই তারা এই ঘৃণ্য নতুন খেলায় মেতে উঠেছে।’

‘কিন্তু এই খেলা খেলে কোনো লাভ হবে না। বিশ্বব্যাংক এক সময় বড় একটি দেশের সহায়তা নিয়ে এ দেশে পদ্মাসেতুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, সেটি ভেস্তে গেছে। এখনো যেসব ষড়যন্ত্র হচ্ছে, সেগুলোও ভেস্তে যাবে’ যোগ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত