সমর্থক গ্রেপ্তার হওয়ায় অভিনব প্রতিবাদে মোদির ভাই

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫৮ এএম

লখনউ বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদির সমর্থকদের ঢল সামলাতে গিয়ে হিমশিম খায় পুলিশ। এ ঘটনায় বুধবার গ্রেপ্তার করা হয় কয়েকজনকে। এ নিয়েই বিপত্তি।

ভারতীয় গণমাধ্যম জানায়, প্রহ্লাদ গিয়েছিলেন যোগ সম্মেলনে শামিল হতে। সমর্থকদের গ্রেপ্তার করায় চেয়ার নিয়ে বিমানবন্দরের গেটের সামনেই অবস্থান দেন তিনি। বিমানবন্দর কর্তৃপক্ষ খাবার দিলেও তিনি মুখে তোলেননি।

প্রহ্লাদ জানান, সমর্থকেরা জেলে। তিনি বাইরে ঘুরছেন, এটা ভালো দেখায় না।

তিনি বলেন, “আমার প্রয়াগ্রাহ যাওয়ার কথা ছিল। কিন্তু অনুগামীরা জেলে আর আমি বাইরে ঘুরব, এটা ভালো দেখায় না। আমাকে পানি ও খবর দেওয়া হয়েছে। কিন্তু এখান থেকে আমি নড়ব না।”

আরও জানান, পুলিশকে জিজ্ঞেস করলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে এই কাজ করা হয়েছে। তবে সে রকম কোনো লিখিত নির্দেশের কপি প্রশাসন না পুলিশ দেখায়নি।

প্রহ্লাদের অভিযোগ, হয় প্রধানমন্ত্রীর দপ্তরকে বদনাম করার চেষ্টা করছে পুলিশ, আর না হয় তাদের কাছে কোনো নির্দেশই আসেনি।

পুলিশ বলছে, লখনউ বিমানবন্দরে হাই সিকিউরিটি এলাকায় ঢুকে পড়া ও ১৪৪ ধরা ভঙ্গ করার অভিযোগে প্রহ্লাদ মোদির সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছে। তবে দেড় ঘণ্টা বাদে চেয়ার ছেড়ে ওঠেন প্রহ্লাদ। বিকেলে বিমানে চড়েন।

গণমাধ্যম বলছে, এই ঘটনায় রীতিমতো বিতর্ক শুরু হয়েছে। অনেকেই বলছেন কেন্দ্রের সঙ্গে বিরোধিতার ফলেই এই পদক্ষেপ। না হলে, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রীর ভাইকে আটকাতো না পুলিশ।

গত লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের বিরুদ্ধে ‘জেল ভরো’ আন্দোলনের হুমকি দিয়েছিলেন প্রধানমন্ত্রীর ছোট ভাই। তখন রেশন ডিলার সংগঠনের হয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তার অভিযোগ ছিল, কেন্দ্রের নীতির জন্যই দেশে গণবণ্টন ব্যবস্থা উঠে যেতে বসেছে। খাদ্যের অধিকার সংবিধান স্বীকৃত৷ কিন্তু কেন্দ্রের নীতির জন্যই দেশের একটি বড় অংশের মানুষ এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত