অনন্ত জলিলের ছবিতেই আসছেন দক্ষিণ ভারতীয় ভিলেন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৭ পিএম

এর আগে নিজের সিনেমায় চমক হিসেবে হাজির করেছিলেন ভারতীয় ও মালয়েশিয়ান নায়িকাকে। এবার অনন্ত জলিলের ছবিতে ভিলেন হচ্ছেন দক্ষিণ ভারতীয় কবির দুহান সিং।

অভিনেতা মঙ্গলবার টুইটারে জানান, তার ৪০তম ছবিটি হতে যাচ্ছে বাংলাদেশে প্রথম। কিন্তু সিনেমার নাম বা পরিচালকের উল্লেখ করেননি। এ নিয়ে ঢালিউড দর্শকের মাঝে শুরু হয় জল্পনা-কল্পনা।

টাইমস অব ইন্ডিয়াকে বুধবার কন্নড়, তামিল, তেলেগু ও হিন্দি সিনেমার পরিচিত মুখ কবির জানান, বাংলাদেশি ছবিটির নাম ‘নেত্রী দ্য লিডার’। যার দৃশ্যায়ন ৯৫ ভাগ হবে তুরস্কে, বাকি কাজ ঢাকায়। ছবিটি ইরানেও মুক্তি পাবে।

গত ডিসেম্বরে সবাইকে চমকে দিয়ে ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ ছবির মহরতে হাজির হন অনন্ত জলিল। ওই সময় জানান, পুরোনো অভিমান ‍ভুলে তারা এক সঙ্গে কাজ করছেন। সেই ছবির নাম ‘নেত্রী দ্য লিডার’। অনন্তর বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন বর্ষা।

এত দিন সেই ছবি নিয়ে আর আলাপ না উঠলেও কবিরের ঘোষণায় বোঝা যায়, ‘নেত্রী দ্য লিডার’ নিয়ে বড় পরিকল্পনা রয়েছে অনন্তর। এ অভিনেতা-নির্মাতার মুক্তি প্রতীক্ষিত ‘দিন দ্য ডে’ও ইরানের সঙ্গে যৌথভাবে নির্মিত।

ছবিতে সন্ত্রাসচক্রের হোতা চরিত্রে দেখা দেবেন বলে জানান কবির। প্রচুর অ্যাকশন দৃশ্যে তাকে অভিনয় করতে হবে। আর এ ধরনের সিনেমায় ভালোবাসেন বলে উল্লেখ করেন।

প্রথম আন্তর্জাতিক ছবি নিয়ে ভীষণ উত্তেজিত কবির। তার মতে, ভাষা কোনো সমস্যা নয়। কারণ ভারতের একাধিক ভাষায় অভিনয়ের অভিজ্ঞতা আছে তার। মালায়ালাম ও পাঞ্জাবি ছবি প্রস্তাবও আছে ঝুলিতে।

কবির জানান, শিগগিরই তুরস্কে যাবে ‘নেত্রী দ্য লিডার’-এর শুটিংয়ে অংশ নিতে। আশা করছেন, তার জন্য দারুণ কিছু অপেক্ষা করছে।

২০১৫ সালে তেলেগু ভাষার চলচ্চিত্র ‘জিল’-এর মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় কবিরের। পরবর্তীতে খল অভিনেতা হিসেবে তেলেগু চলচ্চিত্রের পাশাপাশি তামিল ও কন্নড় ভাষার চলচ্চিত্রে কাজ করে পরিচিতি পেয়েছেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে কিক-২, ভেদালাম, ডিক্টেটর ও সরদার গাব্বার সিং।

কবির বাংলাদেশি দর্শকদের কাছেও পরিচিত মুখ। মঙ্গলবার তার টুইটার পোস্টের মন্তব্যের ঘরে বাংলাদেশ থেকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত