সাংবাদিকতার নামে আল জাজিরা যা প্রচার করেছে তা সাংবাদিকতা নীতিমালার পরিপন্থী বলে দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি। তারা বলছে, বাংলাদেশ বিষয়ক সংবাদ প্রচারের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতার তোয়াক্কা না করা আল জাজিরার অভ্যাসে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব বলা হয়।
বিজ্ঞপ্তিতে শিক্ষক সমিতি বলেছে, অনুসন্ধানী সাংবাদিকতার নামে আল জাজিরা যা প্রচার করেছে তা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। সংবাদমাধ্যমে প্রচারিত প্রতিবেদন বস্তুনিষ্ঠ, ভারসাম্যপূর্ণ ও যথাযথ প্রমাণভিত্তিক হওয়া বাঞ্ছনীয়। কিন্তু আল জাজিরার প্রচারিত তথ্যচিত্রে কিছু ব্যক্তির বক্তব্য প্রমাণ ব্যতিরেকে মিউজিক ও স্পেশাল এফেক্ট ব্যবহার করে উপস্থাপন করা হয়েছে; যা উদ্দেশ্যপ্রণোদিত।
তারা বলেছে, প্রতিবেদনে তথ্যের উৎস হিসেবে যাদের বক্তব্য প্রচার করা হয়েছে তারা দীর্ঘদিন ধরেই বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশ বিষয়ক সংবাদ প্রচারের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতার তোয়াক্কা না করা আল জাজিরার অভ্যাসে পরিণত হয়েছে। অনেক দিন ধরেই আল জাজিরা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির ক্রীড়নক হিসেবে কাজ করছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আল জাজিরাকে একপেশে রাজনৈতিক ভূমিকা পরিহার করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার আহ্বান জানিয়েছে।
