যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৫২ পিএম

বরিশালে যুবদল ও ছাত্রদলের পৃথক সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। নড়াইলে একটি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে সামাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিল বের করতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। একপর্যায়ে তাদের ব্যানার ছিনিয়ে নেয়।

শুক্রবার বেলা ১১টায় নগরীর সদর রোডের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে মহানগর যুবদল। দুপুর ১২টায় বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল।

মহানগর যুবদল সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান শামীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি কামরুল হাসান রতন, সহসভাপতি মাকসুদুর রহমান মাসুদ, শামছুল আলম ও আসাদুজ্জামান মারুফ এবং যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হাসান আনিচ, রেজাউর রহমান রেজা।

বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলের একটি আদালতে দেয়া দন্ডাদেশ প্রত্যাহারের দাবি জানান।

একই দাবিতে মহানগর ছাত্রদলের ব্যানারে একই স্থানে দুপুর ১২টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাজাহারুল ইসলাম বাবু, সদস্য সচিব সজল তালুকদার, সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের সদস্য সচিব আল আমিন, মহানগরের ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন।

সমাবেশ শেষে ছাত্রদল নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করলে তাদের বাধা দেয় পুলিশ। এসময় তাদের ব্যানার ছিনিয়ে নিলে পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। পরবর্তীতে মিছিল না করেই ফিরে যায় তারা।

এদিকে যুবদল ও ছাত্রদলের কর্মসূচিকে কেন্দ্র করে অশ্বিনী কুমার হলসহ সদর রোডের আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুলসংখ্যক পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত