দক্ষিণ চট্টগ্রামের পটিয়া-দোহাজারী রেললাইনে যুক্ত হচ্ছে এক জোড়া ডেমু ট্রেন। আজ শনিবার পটিয়া থেকে আনুষ্ঠানিকভাবে ডেমু ট্রেন চলাচলের জন্য উদ্বোধন করবেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিদিন চট্টগ্রাম থেকে ভোর সাড়ে ৫টায় পটিয়ার উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যাবে। পটিয়া পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে। এরপর সকাল সাড়ে ৭টায় পটিয়া ছেড়ে সকাল ৯টা ৫ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে। দ্বিতীয় ট্রিপে বিকেল ৫টায় চট্টগ্রাম থেকে দোহাজারীর উদ্দেশ্যে যাত্রা করবে ট্রেনটি। দোহাজারী পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৭টায় এবং দোহাজারী থেকে ছেড়ে আসবে ৭টা ৪০ মিনিটে। চট্টগ্রাম পৌঁছাবে রাত ১০টা ৪০ মিনিটে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত জানান, মাননীয় মন্ত্রী মহোদয় শনিবার বেলা ১১টায় দোহাজারী থেকে দোহাজারী-১ উদ্বোধন করবেন। এরপর দুপুর ১২টায় পটিয়া থেকে দোহাজারী কমিউটার-২ উদ্বোধন করবেন।
