শরীয়তপুরের ডামুড্যা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মো. রেজাউল করিম রাজা ছৈয়ালকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ডামুড্যা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে তাকে বহিষ্কার করা হয়।
পৌরসভা নির্বাচনে মো. রেজাউল করিম রাজা ছৈয়াল স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘জগ প্রতীক’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সংবাদ সম্মেলনে তাকে বহিষ্কারের খবরটি নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।
অনল কুমার দে বলেন, ‘আপনি (রেজাউল করিম রাজা ছৈয়াল) ডামুড্যা পৌরসভায় নৌকা প্রতীকের বিপক্ষে প্রার্থী হয়েছেন। এতে সংগঠনের শৃঙ্খলা লঙ্ঘিত ও ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। এমতাবস্থায় গঠনতন্ত্রের ধারা মোতাবেক মনোনয়নপত্রে অঙ্গীকারভঙ্গের কারণে সংগঠনের সিদ্ধান্তক্রমে আপনাকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।
এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল, আবদুর রাজ্জাক পিন্টু, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার মাল, জাহাঙ্গীর চৌধুরী, আমিন উদ্দিন ঢালী, আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ লিটন, ডামুড্যা পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল বাসার ব্যাপারী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদিজা খানম লাবলি, উপজেলা যুবলীগের সভাপতি বি এম ছাত্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হক ইমরান, সাধারণ সম্পাদক মাহবুব আলম ব্যাপারী প্রমুখ উপস্থিত ছিলেন।
