বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারাদণ্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথকস্থানে ছাত্রদলের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা ও হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকালে উপজেলার ভুলতা এলাকা ও সরকারি মুড়াপাড়া কলেজ ক্যাম্পাসে পৃথক হামলার ঘটনা ঘটে বলে ছাত্রদলের অভিযোগ। হামলার ঘটনায় শাকিল, রাব্বি, রতন, শুভ, মাছুম, ইয়াছিন, আল-আমিনসহ ছাত্রদলের সাত নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি তাদের।
ছাত্রদল নেতা মাসুদুর রহমান জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারাদণ্ডের প্রতিবাদে তার নেতৃত্বে একদল ছাত্রদল নেতাকর্মী প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি উপজেলার ভুলতা গোলচত্বর হয়ে বাস স্টেশনের দিকে যাওয়ার সময় পুলিশ তাদের বিক্ষোভ মিছিলে বাধা দেয়। এ সময় ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মিছিল পণ্ড করে দেয়। এ হামলার ঘটনায় তাদের ছাত্রদলের প্রায় সাত নেতাকর্মী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হয়।
অপরদিকে ছাত্রদল নেতা আবু মাছুম জানান, শনিবার বেলা ১১টার দিকে সরকারি মুড়াপাড়া কলেজ ক্যাম্পাসে সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আকিব হাসানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভে আরো উপস্থিত ছিলেন সরকারি মুড়াপাড়া কলেজের যুগ্ন আহ্বায়ক আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক মো সজীব, জহিরুল ইসলাম, শফিকুল ইসলাম নয়ন, কামরুল হাসান পাপ্পু, আব্দুল্লাহ, হাবিবুর রহমান দিপু প্রমুখ।
তিনি জানান, বিক্ষোভ মিছিল চলাকালে মুড়াপাড়া কলেজের ছাত্র সংসদের ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে বাধা দেয় ও হামলা চালায়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদলের বিক্ষোভের ব্যানার কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন।
ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজিম উদ্দিন বলেন, ভুলতায় অনুমতি ছাড়া মিছিল করার পুলিশ তাদের বাধা প্রদান করে ছত্রভঙ্গ করে দেয়।
