ডিপ্লোমা পেশেন্ট কেয়ারদের নার্সিং নিবন্ধন দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৪ এএম

কারিগরি শিক্ষাবোর্ডের অধীনস্থ পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের স্টুডেন্টদের বাংলাদেশ নার্সিং কাউন্সিলের অধীনে ডিপ্লোমা ইন নার্সিংয়ের রেজিস্ট্রেশন দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে নার্সদের সংগঠনগুলো। 

শনিবার  জাতীয় প্রেসক্লাবের সামনে সোসাইটি ফর নার্সেস সেফটি এন্ড রাইটসের (এসএনএসআর) উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমত আরা পারভিন বলেন, দেশের স্বাস্থ্যখাতে নার্সরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। করোনা মহামারিতেও জীবনের বুঁকি নিয়ে রোগীদের সেবায় নিয়োজিত আছেন তারা। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দেশে প্রথম করোনা ভ্যাকসিন গ্রহণ করেন একজন নার্স, যা ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকবে। কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি, কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাস করা পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের স্টুডেন্টসদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে নার্সিং লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানাই। 

স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব ইকবাল হোসেন সবুজ বলেন, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন ২০১৬ এর ২৪ নম্বর ধারা অনুযায়ী নার্সিং কাউন্সিলের আনুমোদন ব্যতিত কোনো প্রতিষ্ঠানের নার্সিং কোর্স পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ আইনের ২৭ নম্বর ধারা অনুযায়ী নার্সিং কাউন্সিলের নিবন্ধন ব্যতিত কোনো ব্যক্তি নিজেকে নার্স পরিচয় দিতে পারবে না এবং উক্ত বিধান লঙ্ঘনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও এক বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। তাই অবিলথে নার্সদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে। অন্যথায় দেশের নার্সরা  কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানান তিনি।

মানববন্ধনে আরও বক্তব্য দেন, সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটসের সাধারণ সম্পাদক সাব্বির মাহমুদ তিহান, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি কামাল হোসেন পাটোয়ারী ও আসাদুজ্জামান জুয়েল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত